নাটোরে শিশুর আঙুল কেটে দেয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরে শিশুদের খেলাধুলার বিরোধের জেরে আট বছর বয়সী এক শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযুক্ত কনস্টেবল শাকিল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। এই নির্মম ঘটনার পর আহত শিশুটিকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর শহরের বড় হরিশ পশ্চিম চেয়ারম্যান পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী শিশুর পিতা মাহমুদুল হাসান মিলন ঢাকার জনতা ব্যাংকের লোকাল ব্রাঞ্চের একজন সিনিয়র অফিসার। অভিযুক্ত পুলিশ সদস্য তাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন সন্ধ্যায় ভাড়াটিয়া পরিবারের সদস্যদের নিয়ে একটি ঘরোয়া পিকনিকের আয়োজন করা হয়। সেখানে দুই শিশু খেলাধুলার একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরবর্তীতে উভয় পরিবারের মায়েরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মিটমাট করে দেন।
অভিযোগ উঠেছে, ঘটনার পরদিন সকালে পুলিশ কনস্টেবল শাকিল ওই অবুঝ শিশুটিকে ডেকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাঁর স্ত্রীর উপস্থিতিতেই ধারালো ছুরি দিয়ে শিশুটির ডান হাতের আঙুল কেটে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে ঘটনার পর অভিযুক্ত পুলিশ সদস্য উল্টো ওই শিশুর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে গুরুতর অপবাদ দিয়ে অভিযোগ করেছেন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। এই বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৯ বার পড়া হয়েছে