শিবগঞ্জে মার্কিন পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার, সহযোগীও আটক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ রফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অস্ত্র পাচারে জড়িত থাকার অভিযোগে তার সহযোগী রুবেল ওরফে ডলারকেও আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় এ সফল অভিযান পরিচালনা করা হয়।
শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া বাজারের মোস্তফা মার্কেটের পেছনে এবং স্থানীয় একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে রফিকুল ইসলামের কোমর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে। অন্যদিকে আটক হওয়া সহযোগী রুবেল ওরফে ডলার একই উপজেলার তারাপুর মোড়লপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
চাঞ্চল্যকর এই অভিযানটি পরিচালনা করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। তাঁর নেতৃত্বে অভিযানে অংশ নেন সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস এবং এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশের একটি চৌকস দল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এই অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে