জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব কামরুজ্জামান চৌধুরীর মুন্সীগঞ্জ পরিদর্শন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ কামরুজ্জামান চৌধুরী মুন্সীগঞ্জ জেলা সফর করেছেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মুন্সীগঞ্জ জেলা সফরে এসে সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি কদবেল বৃক্ষরোপণ করেন জনপ্রশাসন সচিব। পরবর্তীতে তিনি স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬' শীর্ষক সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে 'ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন নিশ্চিতকরণ' সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগমসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা, স্বাস্থ্য, কৃষি পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার প্রকল্পসমূহের অগ্রগতি তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে সচিব কামরুজ্জামান চৌধুরী কর্মকর্তাদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে বলেন, সরকারি কর্মকর্তাদের সত্যিকারের জনসেবক হিসেবে কাজ করে জনগণের আস্থা অর্জন করতে হবে।
একই সাথে তিনি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রাফিক ব্যবস্থা উন্নত করা, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সমালোচনার মাধ্যমে ত্রুটি দূর করা এবং প্রবাসীদের সম্পদ সুরক্ষায় বিশেষ নজর রাখার তাগিদ দেন।
১৩৭ বার পড়া হয়েছে