সিএস ম্যাপ না মেনে নদী খনন: ভাঙন আতঙ্কে কপোতাক্ষ পাড়ের মানুষ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালায় সিএস ম্যাপ না মেনে কপোতাক্ষ নদ খনন করায় বদলে গেছে এর গতিপথ। ফলে তীব্র ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের হাজারো মানুষ। সম্প্রতি বেড়িবাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের চেষ্টা করছেন।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে গিয়ে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ও ভাঙনের চিত্র দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন আগে জোয়ারের তীব্র চাপে বালিয়া গ্রামের বেড়িবাঁধের একটি বড় অংশ ভেঙে যায়। পরিস্থিতি বেগতিক দেখে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী একত্রিত হন এবং সম্মিলিত প্রচেষ্টায় সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করেন।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, প্রায় এক যুগ আগে পাখিমারা বিলে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) প্রকল্প চালু করার পর থেকেই নদীর তীব্র স্রোতে বালিয়া গ্রামের বেড়িবাঁধটি ঝুঁকিতে পড়ে। এছাড়া সিএস ম্যাপ অনুযায়ী নদী খনন না করায় গতিপথ পরিবর্তন হয়ে তা জনবসতির একেবারে কাছাকাছি চলে এসেছে। বছরের পর বছর ধরে চলা এই ভাঙনে ইতিমধ্যেই অনেকের ঘরবাড়ি ও চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু জানান, বালিয়া গ্রামের বাঁধটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে কোটি টাকার মাছের ঘের ও ফসলি জমি তলিয়ে যেতে পারে।
এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং পরিস্থিতির গভীরতা সম্পর্কে অবগত আছেন। তবে মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে জরুরি আপৎকালীন কাজ বন্ধ থাকায় সরকারিভাবে তাৎক্ষণিক মেরামত করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ পাওয়া গেলেই দ্রুততম সময়ে বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন।
১২০ বার পড়া হয়েছে