সর্বশেষ

সারাদেশ

চৌহালীতে ত্রাণের ৮০ বস্তা চাল উধাও: প্রশাসন নড়েচড়ে বসতেই ভিন্ন সুর

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চরাঞ্চল বাঘুটিয়া ইউনিয়নে দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা ত্রাণের ৬০০ বস্তা চালের মধ্যে ৮০ বস্তা চাল গুদাম থেকে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। চালগুলো কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে গুদামে ৫২০ বস্তা চাল পায় এবং সেগুলো জব্দ করে গুদামটি সিলগালা করেছে।

সিরাজগঞ্জের যমুনাবিধৌত দুর্গম চরাঞ্চল চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে সরকারের বরাদ্দ করা ত্রাণের চাল গুদাম থেকে উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরাদ্দের ৮০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে চৌহালী উপজেলার সাতটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য মোট ৫৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। উপকারভোগীদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা।

এর মধ্যে বাঘুটিয়া ইউনিয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় ১৮ মেট্রিক টন বা ৬০০ বস্তা চাল। এসব চাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমান নওশাদের কাছে দেওয়া হয়।

তবে অভিযোগ ওঠে, বরাদ্দের ৬০০ বস্তা চালের মধ্যে ৮০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সংশ্লিষ্ট গুদামে অভিযান চালান চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল।

অভিযানের সময় গুদামে বরাদ্দের ৬০০ বস্তার পরিবর্তে ৫২০ বস্তা চাল পাওয়া যায়। পরে প্রশাসন ওই ৫২০ বস্তা চাল জব্দ করে গুদামটি সিলগালা করে দেয়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল বলেন, বরাদ্দের ৬০০ বস্তা চালের জায়গায় ৫২০ বস্তা পাওয়া গেছে। চাল কম থাকার কারণ ও আত্মসাতের বিষয়ে ব্যাখ্যা দিতে প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমান নওশাদকে ডাকা হয়েছিল। তবে তিনি উপস্থিত হননি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

এদিকে ত্রাণের চাল উধাও হওয়ার বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগের পর আইনগত পদক্ষেপের আশঙ্কায় আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে উধাও হওয়া ৮০ বস্তা চাল পুনরায় গুদামজাত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও সচেতন মহলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বাঘুটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমান নওশাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তাঁদের দেওয়া বরাদ্দের চাল পর্যায়ক্রমে বাঘুটিয়ায় পৌঁছেছে। আরও ৮০ বস্তা চাল এক দফায় পাঠানো হচ্ছে। ইউএনও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরবর্তী সময়ে বাকি চালগুলো গুদামজাত করা হচ্ছে। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০