বাংলাদেশে কার্যালয় খুলতে মেটাকে আমন্ত্রণ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে এ আমন্ত্রণ জানান তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কার্যক্রমের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের জন্য মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার নিয়েও আলোচনা করেন তিনি।
বিশেষ করে দেশের ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ই-কমার্স খাতকে মেটার প্রযুক্তি ও প্ল্যাটফর্মের মাধ্যমে কীভাবে আরও সহায়তা করা যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
এ ছাড়া অনলাইনে হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নিতে মেটার প্রতি আহ্বান জানান শামা ওবায়েদ। বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও জোয়েল কাপলানের সঙ্গে আলোচনা করেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে