মানিকগঞ্জে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতকরণের দায়ে ৯ জনের জেল
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের প্রস্তুতিকালে হাতেনাতে ৯ জনকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায়।
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় একটি পরিত্যক্ত কারখানার গুদামে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। সেখানে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার সময় হাতেনাতে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মানিকগঞ্জের মিজানুর রহমান, গাজীপুরের রুবেল ও ইব্রাহিম খলিল, জামালপুরের সোহেল রানা, টাঙ্গাইলের হুমায়ুন কবির এবং ঢাকার ইমন হাসান, মাসুদ রানা, তুহিন ও মারুফ। তারা সবাই দেশের বিভিন্ন এলাকা থেকে এসে এই অবৈধ চক্রের সাথে যুক্ত হয়েছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার হিরু নামের এক ব্যক্তি এই চক্রটিকে ভাড়া করেছিলেন। মানিকগঞ্জের ওই গোপন আস্তানায় ঘোড়া জবাই করার পর সেই মাংস সুকৌশলে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন নামিদামি হোটেল-রেস্তোরাঁয় পাঠানোর পরিকল্পনা ছিল তাদের। তবে পুলিশি তৎপরতায় সেই অপচেষ্টা ভণ্ডুল হয়ে যায়।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ নম্বর ধারা লঙ্ঘন করার অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।
১২১ বার পড়া হয়েছে