পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ব্র্যাক কর্মী নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর দাশুড়িয়া শাখায় প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেনের আদি বাড়ি রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া গ্রামে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকায় ব্র্যাক কার্যালয়ে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ের কাজের উদ্দেশ্যে বের হন। দায়িত্ব পালন শেষে পাবনা থেকে দাশুড়িয়ার দিকে ফেরার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক যানটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
১২৪ বার পড়া হয়েছে