সাবেক এমপি গাজী নজরুলের স্ত্রীর দাফন সম্পন্ন, সাতক্ষীরায় তীব্র ক্ষোভ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকার ন্যাম ভবন থেকে উদ্ধার হওয়া সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরার গাবুরায় দাফন করা হয়েছে। এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এই সংসদ সদস্য ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরার শ্যামনগর এলাকা।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সরদার পাড়ায় পারিবারিক কবরস্থানে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়। কপোতাক্ষ নদের পাড় ঘেঁষে অবস্থিত তার বাবার বাড়িতে মরদেহ পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শৈশব থেকেই ঢাকায় অবস্থান করা মরিয়মের এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরিয়মের অকাল মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্যামনগরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সভা থেকে সাবেক জামায়াত নেতা গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তি ও এই মৃত্যুর ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যেই মামলার প্রধান আসামি সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে। মামলার অপর আসামি ওবায়দুর রহমান এখনও পলাতক রয়েছেন।
২৬৩ বার পড়া হয়েছে