সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে শিশু রুহিকে হত্যা: মায়ের কথিত প্রেমিক গ্রেফতার

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের সদর উপজেলায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে অপহরণ ও নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে মায়ের কথিত প্রেমিক রিপন টুডুর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত রিপনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে শিশুটির গলিত দেহাবশেষ উদ্ধার করেছে ডিবি পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার নশিপুর গ্রামের ১৯ বছর বয়সী জিন্নাতুন আক্তারের সঙ্গে একই এলাকার রিপন টুডুর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। জিন্নাতুনের পূর্বের সংসারের চার বছর বয়সী কন্যাসন্তান রুহিকে নিয়ে গত প্রায় ছয় মাস ধরে তিনি রিপনের বাড়িতেই বসবাস করছিলেন। তবে কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

হত্যাকাণ্ডের কয়েক দিন আগে জিন্নাতুন অভিযুক্ত রিপনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরপরই গত শনিবার রাত থেকে জিন্নাতুন ও রিপন উভয়েই নিখোঁজ হয়ে যান। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

নিখোঁজের জেরে রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্ত রিপনের বাড়িতে ভাঙচুর চালিয়ে তার মোটরসাইকেল ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে অভিযুক্ত রিপন টুডুকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী নশিপুর জামতলী এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে রাত সাড়ে ১১টার দিকে শিশু রুহির গলিত মরদেহের অংশবিশেষ উদ্ধার করা হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্তের দেখানো স্থান থেকেই শিশুটির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০