২৮ বছর পর ফিরছে ‘আবার হঠাৎ বৃষ্টি’
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির ২৮ বছর পর নতুন প্রজন্মের জন্য নতুন আঙ্গিকে আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। মূল গল্প অপরিবর্তিত রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। আগামী ২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
নব্বই দশকের বাংলা চলচ্চিত্রে দর্শকের মনে জায়গা করে নেওয়া সিনেমাগুলোর একটি ‘হঠাৎ বৃষ্টি’। ১৯৯৮ সালে বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় মুক্তি পাওয়া বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এই সিনেমায় ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর জুটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
মুক্তির পর দেখতে দেখতে পেরিয়ে গেছে ২৮ বছর। দীর্ঘ সময় পর সেই সিনেমার স্মৃতি নতুন প্রজন্মের সামনে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে।
মূল গল্পের কাঠামো ঠিক রেখে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান। নতুন সিনেমাটিতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন নবীন দুই অভিনয়শিল্পী আরিয়ান ও রাদিফা।
১৯৯৮ সালের সিনেমায় ফেরদৌস আহমেদের চরিত্রে এবার দেখা যাবে আরিয়ানকে। অন্যদিকে প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে অভিনয় করেছেন রাদিফা। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
‘আবার হঠাৎ বৃষ্টি’তে আরিয়ান ও রাদিফা ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার পেছনে সিনেমাটির গানগুলোরও বড় ভূমিকা ছিল। নচিকেতা চক্রবর্তীর সুরে ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’র মতো গান শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘ সময় পরও গানগুলো শ্রোতাদের কাছে পরিচিত।
পুরোনো সিনেমার সেই আবহ ধরে রাখার চেষ্টা করা হয়েছে নতুন সিনেমাতেও। ‘হঠাৎ বৃষ্টি’র ছয়টি পুরোনো গানের মধ্যে তিনটি গান নতুন করে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের শ্রোতাদের রুচি বিবেচনায় যুক্ত করা হয়েছে দুটি নতুন গান।
নতুন সিনেমা ও অভিনয়শিল্পীদের নিয়ে আশাবাদী নির্মাতা কামরুজ্জামান। সব প্রস্তুতি শেষে আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’র।
১৩২ বার পড়া হয়েছে