সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে রহস্যজনক আগুন
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করে রাখা 'নীলাচল পরিবহন' এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। নাশকতা নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে নিয়মিত পার্কিং করে রাখা হতো নীলচল পরিবহনের এই বাসটি। রাতে হঠাৎ করেই এটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সোয়া ২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমজী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো বিপদ ঘটেনি এবং এতে কেউ হতাহত হননি।
এদিকে অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিয়ার রহমান জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি কোনো পরিকল্পিত নাশকতা কি না, তা উদঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
১২০ বার পড়া হয়েছে