পাবনায় সরকারি কলেজের কোটি টাকা আত্মসাৎ: মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার সুজানগরে সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজের ফান্ড থেকে কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার সকালে আয়োজিত এই মানববন্ধন থেকে দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি (অনার্স) কলেজের আর্থিক লেনদেনে নজিরবিহীন অনিয়ম ঘটেছে। জনতা ব্যাংক পিএনসি দুলাই শাখায় থাকা কলেজের ২৬টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ৯টি অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করা হলেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই তহবিল তছরুপের পরিমাণ কোটির ঘর ছাড়িয়েছে বলে জানা গেছে।
এই দুর্নীতির খবর প্রকাশ পেতেই ফুঁসে ওঠেন কলেজের সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার সকালে তারা পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই বাজার এলাকায় জড়ো হয়ে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন শুরু করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখা শিক্ষার্থীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বরাদ্দ ও সঞ্চিত অর্থ এভাবে লুটপাট হওয়া অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। কলেজের আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি তারা অবিলম্বে এই জালিয়াতির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারাও সংহতি প্রকাশ করে যোগ দেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোটি টাকার এই দুর্নীতির সাথে প্রশাসনের কোনো কর্মকর্তা বা কলেজের অভ্যন্তরীণ কেউ জড়িত থাকলে তাদেরও ছাড় দেওয়া হবে না। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা।
১৩২ বার পড়া হয়েছে