সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মুকুল ও সম্পাদক বাবু
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ প্রতীক্ষার পর সাতক্ষীরা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি এবং শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে অনুমোদিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই আংশিক কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত এই আংশিক কমিটিতে শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সিনিয়র সহসভাপতি, মমতাজুল ইসলাম চন্দনকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। মোট ৫ সদস্যের এই কমিটি আগামী দিনের দলীয় কার্যক্রম বেগবান করবে বলে প্রত্যাশা করছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৪ ডিসেম্বর সাতক্ষীরা জেলা যুবদলের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে সাংগঠনিক গতিশীলতা ধরে রাখতে সমন্বয়ক ও সহসমন্বয়কদের দায়িত্ব দেওয়া হলেও ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সেই সমন্বয়ক কমিটিও বিলুপ্ত করা হয়।
নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির তালিকা দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
১২২ বার পড়া হয়েছে