গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বছরের প্রথম মৃত্যু
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই মৌসুমে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অর্ণব ধর নামে ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়। সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন অর্ণব ধর। তিনি জেলার কোটালীপাড়া উপজেলার বাসিন্দা আশীষ ধরের ছেলে। ভর্তির পর তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হলেও অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং ওই দিন বিকেলেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
জেলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মৌসুমে জেলাজুড়ে এ পর্যন্ত মোট ১ হাজার ১০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১ হাজার জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া গত ২৮ ঘণ্টায় চিকিৎসাসেবা শেষে ২২ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বর্তমানে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০০ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করছেন। জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার এবং বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন।
১২৩ বার পড়া হয়েছে