রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের পর দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কাফরুল থানার সামনে এবং চিটাগং রোডে পৃথক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় যাত্রাবাড়ী এলাকায় একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাত ১০টার দিকে কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেন।
আবুল বাসার বলেন, থানা-সংলগ্ন এলাকায় একটি ফাঁকা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
এ ছাড়া চিটাগং রোডের একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এর কিছুক্ষণ পর রামপুরায় বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ইবাদুর রহমান নামের এক অটোরিকশাচালক আহত হন।
যাত্রাবাড়ী থানা-পুলিশ সূত্র জানায়, বিস্ফোরণের পর ইবাদুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উড়ালসড়ক থেকে নিচে ককটেল ছোড়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, প্রথমে থানার প্রধান ফটকের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কোথা থেকে ককটেল ছোড়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুর থেকে রাজধানীর আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগের সোহাগ বাস কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে, সাড়ে ছয়টার দিকে মহাখালী এলাকায়, রাত আটটার দিকে বাবুবাজার সেতুর নিচে এবং রাত নয়টার দিকে মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সায়েন্সল্যাব এলাকাতেও ককটেল বিস্ফোরণ হয়। এতে ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং আতঙ্কে মানুষজনকে ছোটাছুটি করতে দেখা যায়।
পুলিশের ধারণা, আগারগাঁও ছাড়া অন্য কয়েকটি স্থানে উড়ালসড়কের ওপর থেকে নিচে ককটেল ছোড়া হয়ে থাকতে পারে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনা কারা ঘটিয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পুলিশের ভাষ্য, কিছুদিন ধরে শুক্রবার জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করে আসছেন। সর্বশেষ ১১ সেপ্টেম্বর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক শ' নেতা-কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন। পুলিশ বলছে, ওই সময় তাঁরা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন এবং একপর্যায়ে গুলশান ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয় বলে পুলিশের দাবি। পরে পুলিশ রাবার বুলেট ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুলশানের ওই ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা হয়। কেউ কেউ ঘটনাটিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার ও সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
এর এক সপ্তাহের মধ্যে শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।
এ ছাড়া গত মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
১১০ বার পড়া হয়েছে