কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ: বিশ্বকর্মা পূজায় মেতে উঠল গোপালগঞ্জ
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল আড়াইশো বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকাবাইচ। গতকাল শুক্রবার বিকেলে কালিবাজারের বাবুর খালে আয়োজিত এই প্রতিযোগিতায় গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শতাধিক দৃষ্টিনন্দন নৌকা অংশ নেয়। আবহমান গ্রাম বাংলার এই কৃষ্টি দেখতে খালের দুই পাড়ে ঢল নেমেছিল হাজার হাজার উৎফুল্ল দর্শকের।
কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ বাজারের বাবুর খাল থেকে খেজুরবাড়ি পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার এলাকা জুড়ে এ বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী এ উৎসবে অংশ নিতে মাদারীপুর, পিরোজপুর, নড়াইল ও বরিশাল জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য সরেঙ্গা, ছিপ, কোষা ও বাছারী নৌকা জড়ো হয়েছিল। বাহারি রঙে সাজানো নৌকাগুলো যখন খালের বুকে তুমুল গতিতে ছুটতে শুরু করে, তখন দুই পাড়ে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতা চলাকালে কাশির বাদ্য ও জারি-সারি গানের তালে তালে বৈঠার ছলাৎ-ছলাৎ শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মাঝিমাল্লাদের তুমুল উৎসাহে খালের দুই পাড়ে সমবেত দর্শকেরা করতালি ও হর্ষধ্বনি দিয়ে প্রতিযোগীদের অনুপ্রেরণা জোগান। দূর-দূরান্ত থেকে আসা সব বয়সী মানুষ এই আনন্দময় উৎসব উপভোগ করেন।
এবারের নৌকা বাইচে বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয়েছিল জলপথের মেলা। ট্রলার ও নৌকায় চড়ে নারীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখ পড়ার মতো। বিল অঞ্চলের মানুষ কোনো প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজেদের চিত্তবিনোদনের জন্য এই নিজস্ব সংস্কৃতির ধারা বজায় রেখেছেন। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় প্রতিটি ঘরে ঘরে আত্মীয়-স্বজনদের আগমন ঘটে এবং সর্বত্র এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
১৩০ বার পড়া হয়েছে