কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানি বন্ধ ও নবায়নযোগ্য শক্তির প্রসারের দাবি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বৈশ্বিক কর্মসূচি 'গ্লোবাল উইক অফ অ্যাকশন'-এর অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন। বক্তারা সেখানে জলবায়ু দূষণ রোধে অবিলম্বে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে সৌর শক্তির প্রসারের জোর দাবি জানান।
পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধনে যৌথভাবে সংহতি প্রকাশ করে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), ‘ওয়াটার কিপার্স বাংলাদেশ’ এবং ‘আমরা কলাপাড়াবাসী’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন এবং বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-৩১ কে সামনে রেখে এই বৈশ্বিক নাগরিক আন্দোলনের ডাক দেওয়া হয়।
উক্ত কর্মসূচিতে কলাপাড়া অঞ্চলের পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। ‘ধরা’র স্থানীয় সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ এবং পরিবেশ কর্মী নজরুল ইসলাম ও সাইফুল্লাহ মাহমুদ এতে সক্রিয়ভাবে অংশ নেন। তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ ও সমুদ্র উপকূলবর্তী মানুষের জীবন রক্ষায় জীবাশ্ম জ্বালানিতে বৈশ্বিক অর্থায়ন অবিলম্বে বন্ধ করা আবশ্যক।
মানববন্ধন থেকে কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রটিকে সৌর বিদ্যুৎকেন্দ্রে রূপান্তরের সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। এছাড়া স্থানীয় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রসমূহের ভেতরের বিশাল খালি জায়গায় সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পরিবেশবান্ধব সোলার প্যানেল স্থাপনের দাবি জানান বক্তারা। কয়লার কারণে হওয়া পরিবেশ দূষণ মোকাবিলায় সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
১০৮ বার পড়া হয়েছে