জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নে সভাপতি হেলাল ও সাধারণ সম্পাদক শিপলু
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম.এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। শনিবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দিবাগত গভীর রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
শনিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ৪ হাজার ৭২১ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৬৪৫ জন ভোট দিয়েছেন, যা মোট ভোটের প্রায় ৭৭ শতাংশ।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, সভাপতি পদে আম প্রতীক নিয়ে এম.এ হেলাল ১ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আব্দুল হাফিজ টায়ার প্রতীকে পেয়েছেন ৯২৭ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে কুলা প্রতীক নিয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন গোলাম মর্ত্তুজা শিপলু। তিনি পেয়েছেন ২ হাজার ৮৯০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইসলাম হোসেন টুটুল বাঘ প্রতীকে পেয়েছেন ৬৭৫ ভোট। নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট ৫৫ জন প্রার্থী অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল গভীর রাতে বিজয়ী প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
১৭৬ বার পড়া হয়েছে