সর্বশেষ

রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচারের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

রুহুল কবীর রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে দেওয়া নির্দেশনাগুলো নিয়েও আলোচনা করা হয় এবং এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে।

তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। ডেঙ্গু প্রতিরোধ এবং সংক্রমণ থেকে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে এটি অন্যতম উদ্যোগ। এর পাশাপাশি অন্যান্য সচেতনতামূলক কর্মসূচি নিয়েও সভায় আলোচনা হয়েছে।

রিজভী জানান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গার্লস গাইড, স্কাউটসহ অন্যান্য সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীরা সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে কাজ করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিতরণ করা হবে। দেশের বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি করা এসব প্রচারপত্র সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচার করা হবে বলে জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে দলীয়ভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন রিজভী।

তিনি বলেন, বিএনপি ও সরকারের নেওয়া ডেঙ্গু প্রতিরোধমূলক কর্মসূচিগুলো সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হবে। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় নেওয়া বিভিন্ন পদক্ষেপও প্রচার করা হবে, যাতে মানুষ আরও সচেতন হয়।

স্কুল, মাদরাসা, কলেজ ও হাটবাজারে আবর্জনা রাখার উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রিজভী। এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কমিটিকে আবর্জনা রাখার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে দলীয়ভাবে এসব বিষয় পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে রিজভী বলেন, যেসব দলীয় পদ শূন্য হয়েছে, সেসব পদে অব্যবহিত নিচের পদে থাকা ব্যক্তিদের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী পদোন্নতি দেওয়া যায় কি না, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সভায় কাউন্সিল নিয়ে কোনো আলোচনা হয়নি। জেলা ও উপজেলা পর্যায়ে অনেক নেতা মারা গেছেন। এসব কারণে শূন্য হওয়া পদগুলোতে কাদের দায়িত্ব দেওয়া হবে, তা দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ঠিক করা হবে।

রিজভী জানান, দলের সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষিত হওয়ায় আগামী ২৯ অক্টোবর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের জন্য দলীয় মনোনয়নপত্র বিতরণের তারিখও নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর পল্টনে দলের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় স্থায়ী কমিটি তথা দলের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শনিবারও তিনি তিনটি জেলার নেতাদের সঙ্গে বৈঠক করে সার্বিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন।

রিজভী বলেন, এখন দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হবে না এবং দলের প্রতীকে নির্বাচন হবে না। তবে দল কোনো একজন ব্যক্তিকে সমর্থন করতে পারে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দল যাঁকে সমর্থন করবে, সবাইকে তাঁর পক্ষে কাজ করার এবং সাধারণ মানুষের কাছে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানানো হচ্ছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০