মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এলিজা জামান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৫:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দলটির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তাঁর জয়ের পথ খুলেছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তিনি একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এর আগে গত সোমবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।
রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে শুধু এলিজা জামানের মনোনয়নপত্রই জমা পড়েছে। একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১ নভেম্বর। এ সময়সীমা শেষ হলে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে নির্বাচন কমিশন।
গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।
১১১ বার পড়া হয়েছে