সর্বশেষ

সারাদেশ

পদ্মায় পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুরে দর্শনার্থীদের ঢল

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির খবরে ফিলিপনগর আবেদের ঘাটে উপচে পড়া ভিড় জমিয়েছেন হাজারো দর্শনার্থী। সাপ্তাহিক ছুটির দিনে নদীর এই রূপ দেখতে এবং নৌভ্রমণ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। একই সঙ্গে নদীর তাজা মাছ কেনা ও মুখরোচক খাবারের অস্থায়ী দোকানে মুখর হয়ে উঠেছে পুরো পদ্মাপাড়।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর আবদের ঘাট এলাকায় গত শুক্রবার বিকেল থেকেই সাধারণ মানুষের ঢল নামতে দেখা গেছে। দৌলতপুর ছাড়াও কুষ্টিয়া ও এর আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মানুষ ছুটে এসেছেন পদ্মার এই অনিন্দ্য সুন্দর রূপ উপভোগ করতে। দীর্ঘদিন পর নদীর শুকিয়ে যাওয়া বালুচর পানিতে তলিয়ে যাওয়ায় পদ্মা এখন তার চিরচেনা রূপ ফিরে পেয়েছে।

নদীতে পানি বাড়ার কারণে ঘাটে নৌকা চলাচল যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি কর্মব্যস্ততা বেড়েছে মাঝিদেরও। দর্শনার্থীদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে উত্তাল ঢেউয়ের মাঝে ঘুরে বেড়াচ্ছেন। নদীভ্রমণের পাশাপাশি মানুষের আরেকটি বড় আকর্ষণ ছিল ঘাটেই জেলেদের কাছ থেকে পদ্মার তাজা মাছ কেনা। চোখের সামনে জলজ্যান্ত মাছ পেয়ে অনেকেই বাড়তি আগ্রহে দরদাম করে মাছ কিনছেন।

এলাকাটিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের কেনাবেচাও তুঙ্গে উঠেছে। নদীর তীরে গড়ে উঠেছে চটপটি, ফুচকা, জিলাপি এবং হালিমের মতো রকমারি খাবারের অস্থায়ী দোকান। দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পর্যটকদের নিরাপত্তা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বক্ষণিক নজরদারি ও টহল অব্যাহত রেখেছেন।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০