ব্রহ্মপুত্রের তীরে শাহ আব্দুল করিমের গানে সুরের মূর্ছনায় ‘ভাব তরঙ্গ’
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানে বাউল সাধক শাহ আব্দুল করিমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ভাব তরঙ্গ’-এর বিশেষ আসর। শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিয়মিত আয়োজিত এই আসরটি ইতিমধ্যেই স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
অপসংস্কৃতির প্রভাব কাটিয়ে বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ও চেতনাকে পুনরুজ্জীবিত করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে বসছে ঐতিহ্যবাহী এই বাউল গানের আসর। তারই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত হয় আসরের তৃতীয় পর্ব ‘করিম পর্ব’।
আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, গত জুলাই মাসে লালনগীতির মধ্য দিয়ে ‘ভাব তরঙ্গ’-এর যাত্রা শুরু হয়েছিল। এরপর আগস্টে অনুষ্ঠিত হয় ‘জালাল পর্ব’। এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতির উদ্দেশ্যে। যেখানে কোনো আধুনিক যান্ত্রিকতা বা কৃত্রিমতা ছাড়াই মাটির আবহ ধরে রাখতে শিল্পীরা খালি গলায় ও দেশীয় বাদ্যযন্ত্রের সুরে গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ বাউল আব্দুল জব্বার, জালাল শাহ্ চিশতি, স্বদেশ তালুকদার, মো. শহীদুল ইসলামসহ স্থানীয় প্রখ্যাত শিল্পীরা শাহ আব্দুল করিমের আধ্যাত্মিক ও অসাম্প্রদায়িক চেতনার গান গেয়ে শোনান। ‘তুমিও মানুষ আমিও মানুষ’, ‘গাড়ী চলে না’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’র মতো কালজয়ী গানগুলোর সুরে মোহময় এক পরিবেশের সৃষ্টি হয় ব্রহ্মপুত্রের তীরে।
দোতারা, একতারা, বেহালা ও তবলার যুগলবন্দি সুরের মূর্ছনায় আগত দর্শকেরা মুগ্ধ হন। আয়োজকদের মতে, বর্তমানের বাণিজ্যিক ও কৃত্রিম সংগীতের ভিড়ে এই ধরণের মাটির সুর বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে বাউল সাধকদের বাণী প্রচারের এই ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
১২৩ বার পড়া হয়েছে