ময়মনসিংহে শাহ আব্দুল করিমের গানে মুখরিত ‘ভাব তরঙ্গ’
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অপসংস্কৃতি রুখে নতুন প্রজন্মের কাছে লোকজ ধারা পৌঁছে দিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে জমে উঠেছে নিয়মিত বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’। এবারের বিশেষ পর্বে বাউল সাধক শাহ আব্দুল করিমের কালজয়ী গানগুলো পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছেন স্থানীয় শিল্পীরা। সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের ব্যতিক্রমী এই আয়োজনটি ইতিমধ্যে সংস্কৃতিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ময়মনসিংহ শহরের জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে নিয়মিত বসছে এই মরমী গানের আসর। তারই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘ভাব তরঙ্গ’-এর তৃতীয় বা করিম পর্ব। ব্রহ্মপুত্র নদের হিমেল হাওয়া আর দোতারা, একতারা ও বেহালার সহজিয়া সুরে চারপাশ যেন এক স্বর্গীয় আবহ তৈরি করে।
আয়োজক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’-এর সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, সম্পূর্ণ গ্রামীণ ও ঐতিহ্যবাহী আবহ ধরে রাখতে শিল্পীরা মাটিতে বসেই গান পরিবেশন করেন। কোনো আধুনিক যান্ত্রিকতা বা কৃত্রিম আভিজাত্য ছাড়াই এই লোকজ পরিবেশনাটি দর্শক-শ্রোতারা প্রাণভরে উপভোগ করছেন। এর আগে লালনগীতি এবং জালাল উদ্দীন খাঁর দেহতত্ত্বের গান নিয়ে আগের পর্বগুলো অনুষ্ঠিত হয়েছিল।
এবারের করিম পর্বে বাউল সাধক শাহ আব্দুল করিমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হয় তাঁর অসাম্প্রদায়িক ভাবনার অনন্য গান ‘তুমিও মানুষ আমিও মানুষ সবাই এক মায়ের সন্তান’। এরপর একে একে শিল্পীরা গেয়ে শোনান ‘মুর্শিদ ধন হে’, ‘গাড়ী চলে না’ ও ‘আমি কুলহারা কলঙ্কিনী’ সহ নানামাত্রিক আধ্যাত্মিক সৃষ্টিগুলো।
আসরে গান গেয়ে শ্রোতাদের বিমোহিত করেন বাউল সাধক জালাল শাহ চিশতি, প্রবীণ বাউল আব্দুল জব্বার, স্বদেশ তালুকদার, মো: শহীদুল ইসলাম এবং বিল্লাল ফকিরসহ অনেকে। চমৎকার বাদ্যযন্ত্রের মেলবন্ধনে হারমোনিয়াম, ঢোল ও মন্দিরার যুগলবন্দি সুরের এক মোহময় পরিবেশ সৃষ্টি করে, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
১১৮ বার পড়া হয়েছে