কুমিল্লায় ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ২২, মৃত্যু ১
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময়ে নতুন কোনো রোগীর শরীরে পরীক্ষাগারে হাম নিশ্চিত হয়নি। তবে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ২৪ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত কুমিল্লা জেলায় মোট ৩ হাজার ৮৯৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে পরীক্ষাগারে ৭৭১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে হাম সন্দেহে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে পরীক্ষাগারে একজনের হামজনিত মৃত্যু নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে কুমিল্লায় সন্দেহজনক ও নিশ্চিত হাম—দুই শ্রেণি মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
চলতি বছর এ পর্যন্ত হাম সন্দেহে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৪৪২ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ৩ হাজার ৩৮৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
নতুন করে সন্দেহজনক রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনায় কুমিল্লায় হাম পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলা যাচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগ নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।
সন্দেহজনক ও আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
১১৮ বার পড়া হয়েছে