পাবনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা জেলা পুলিশের পেশাদারিত্ব ও জনসেবার মান বাড়াতে অনুষ্ঠিত হয়েছে মাসিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা। এতে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার সকালে পাবনা পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও সুসজ্জিত কন্টিনজেন্টের কুচকাওয়াজ পরিদর্শন করেন পুলিশ সুপার আবু আশ্রাফ। প্যারেড পরিদর্শন শেষে তিনি অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের নিয়মিত প্যারেড অনুশীলনের গুরুত্ব মনে করিয়ে দেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও জনসেবার মান আরও উন্নত করতে হবে যাতে সাধারণ মানুষ সহজেই আইনি সেবা পেতে পারে।
মাস্টার প্যারেড সমাপ্ত হওয়ার পর পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত থেকে তাঁদের সুযোগ-সুবিধা, বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন।
সভায় উত্থাপিত পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে শোনেন পুলিশ সুপার। তিনি তাৎক্ষণিকভাবে সমস্যাগুলো সমাধানে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি পুলিশ বাহিনীর কর্মপরিবেশ ও সামগ্রিক কল্যাণ নিশ্চিতের জোরালো আশ্বাস দেন।
১২২ বার পড়া হয়েছে