ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে কর্মশালা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতা এবং ইমাম-ওলামাদের খুতবার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক এস. এম. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. তরিকুল ইসলাম বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে আমাদের ঘরবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখতে হবে। ইসলামে পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুমার নামাজে সমবেত মুসল্লিদের মাঝে ইমামরা যদি ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দেন, তবে তা দ্রুত কার্যকর ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের কেবল সচেতন হলেই চলবে না, তার বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। তিনি বলেন, পরিচ্ছন্নতা কেবল সিটি করপোরেশন বা পৌরসভার কর্মীদের কাজ নয়, এটি আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব।
কর্মশালায় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং জনসমাগমস্থলে ময়লা-আবর্জনা না ফেলার এবং শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
১১৬ বার পড়া হয়েছে