পাবনায় সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি। বুধবার সন্ধ্যায় উপজেলার আলহাজ্ব মোড় এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার মালিথা (৪০) ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়ার বাসিন্দা। দুর্ঘটনায় নিহত তাঁর স্ত্রীর নাম স্বপ্না খাতুন (৩৫)। আগামী বৃহস্পতিবার তাঁদের বড় ছেলে সিয়াম মালিথার বিয়ের দিন ধার্য ছিল।
স্বজনরা জানান, ছেলের বিয়ের প্রস্তুতি উপলক্ষে বুধবার বিকেলে স্ত্রীকে সাথে নিয়ে ঈশ্বরদী বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন আনোয়ার। বাজার শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঈশ্বরদী উপজেলা সদরের আলহাজ্ব মোড় এলাকায় নতুনহাট থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না খাতুন। গুরুতর জখম অবস্থায় আনোয়ার মালিথাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে