খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা ‘চাঁদের গাড়িতে’ দুর্বৃত্তের আগুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে (চাঁদের গাড়ি) আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে কেএইচসিটি হাসপাতালের সামনে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি মালিকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার পর কেএইচসিটি হাসপাতালের সামনে পার্কিং করা জিপ গাড়িটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখেন এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত এসে আগুন নেভায়। তবে কে বা কারা এই নাশকতা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, এই একটিমাত্র চাঁদের গাড়ি চালিয়েই তিনি সংসার চালাতেন। ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের একমাত্র উপার্জনের মাধ্যমটি সম্পূর্ণ ভস্মীভূত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি পরিবার চালানো নিয়ে চরম দুশ্চিন্তা প্রকাশ করেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
১৩৯ বার পড়া হয়েছে