কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশির ভাগই স্কুলশিক্ষার্থী
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
আটলান্টিক মহাসাগরের দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে পাহাড়ি সড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী। দুর্ঘটনায় বাসচালকও মারা গেছেন। আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ফোগো দ্বীপের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস জানিয়েছে, ৩২ জন যাত্রী নিয়ে বাসটি সাঁও ফিলিপ শহরের দিকে ফিরছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়।
দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পৌঁছাতে এবং আহতদের উদ্ধারে বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনায় বাসচালকসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আহত কয়েকজনকে ফোগো দ্বীপের সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
১২৮ বার পড়া হয়েছে