মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের দুবলার চরে যাওয়ার পথে মোংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়া মৌসুমি জেলে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর চিলা বাজার সংলগ্ন খাল থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত মেহেদী হাসান (২২) বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। বঙ্গোপসাগরের দুবলার চরের শুঁটকি পল্লীতে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে অন্য জেলেদের সঙ্গে ট্রলারে রওনা হয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মোংলার সিন্দুরতলা এলাকায় নদীর তীরে নোঙর করা ট্রলারে অবস্থান করছিলেন মেহেদী। সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার সময় অসাবধানতাবশত তিনি নদীর প্রবল স্রোতে তলিয়ে যান।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করলেও প্রথম দিনে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন শুক্রবার চিলা বাজার সংলগ্ন খালে এক জেলের পাতা জালে মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নৌ পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি নদীপথে চলাচলের সময় জেলে ও পথচারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
১২১ বার পড়া হয়েছে