সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় নতুন ৭ রোগী ভর্তি, মোট আক্রান্ত ২০১
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে নতুন করে আরও ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১৫৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ৩ জন রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। তবে জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
হাসপাতাল ভিত্তিক তথ্যে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত এই হাসপাতালে সর্বোচ্চ ১১৫ জন চিকিৎসাধীন ছিলেন। এছাড়া জেলা সদর হাসপাতালে ২৫ জন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করছে এবং রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। তবে ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসা নয়, বরং এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা সবচেয়ে জরুরি।
ডা. জয়ন্ত কুমার সরকার আরও পরামর্শ দেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র বা বাড়ির আশেপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। একই সাথে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে কোনো অবহেলা না করে অবিলম্বের চিকিৎসকের পরামর্শ নেওয়ার জোর আহ্বান জানান তিনি।
১২৪ বার পড়া হয়েছে