ময়মনসিংহে রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আজ শনিবার জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত এই সভায় আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। মানবিক সেবার পরিধি বাড়াতে ময়মনসিংহে রেড ক্রিসেন্ট নিজস্ব কার্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছে।
জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ময়মনসিংহ ইউনিটের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. মোফাখ্খারুল ইসলাম রানা। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুলের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে বক্তারা দুর্যোগ মোকাবিলায় দক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোফাখ্খারুল ইসলাম রানা বলেন, যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্টের মূল আদর্শ। ময়মনসিংহে একটি স্থায়ী কার্যালয়, বিশ্বমানের হাসপাতাল এবং একটি আধুনিক প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ এইচ হাবিব খান ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুস সোবহানের উপস্থিতিতে আগামী তিন বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিতে পদাধিকার বলে সৈয়দ এমরান সালেহ প্রিন্স চেয়ারম্যান, অধ্যাপক শফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান এবং অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন— ডা. মোফাখ্খারুল ইসলাম রানা, অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, অধ্যাপক ডা. সাইদুর রহমান, অধ্যাপক শেখ আমজাদ আলী এবং কাজী রানা। নবনির্বাচিত এই কমিটি আগামী দিনে ময়মনসিংহে রক্তদান, স্বাস্থ্যসেবা ও দুর্যোগ প্রশমনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
১২১ বার পড়া হয়েছে