পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় ব্যবসায়ী ও ভোক্তাদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ভোক্তা অধিকার নিশ্চিত করতে ২০০৯ সালের আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পণ্যের সঠিক মূল্য প্রদর্শন, খাদ্যে ভেজাল প্রতিরোধ, ওজনে কারচুপি রোধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ভোক্তাদেরও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
সভায় ব্যবসায়ী নেতারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বাজারব্যবস্থা নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি যেকোনো প্রতারণার শিকার হলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়।
১২৩ বার পড়া হয়েছে