কলাপাড়ায় গোলপাতার গুড় তৈরিতে মিলল আধুনিক উপকরণ, ২৪০ চাষীকে প্রশিক্ষণ ও সহায়তা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় গোলপাতার গুড় উৎপাদন বাড়াতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় তৈরিতে ২৪০ জন চাষীকে বিশেষ প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার চাষীদের হাতে এই উপকরণ তুলে দেওয়া হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারে স্থানীয় এই ঐতিহ্যবাহী শিল্পের পুনরুজ্জীবন ঘটবে বলে আশা করা হচ্ছে।
উপকূলীয় অঞ্চলে গোলপাতার গুড়ের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও উৎপাদন বাড়াতে বুধবার শেষ বিকেলে এক বিশেষ প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার চাকামইয়া, নীলগঞ্জ, টিয়াখালী, মিঠাগঞ্জ, মহিপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের মোট ২৪০ জন নির্বাচিত চাষীর মাঝে এই উপকরণগুলো বিতরণ করা হয়েছে।
চাষীদের মাঝে বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে রস জ্বাল দেওয়ার জন্য সিলভারের বিশেষ ডোংগা, মাটির কলস ও লোহার দাসহ গুড় তৈরির আরও আটটি প্রয়োজনীয় সরঞ্জাম। সংশ্লিষ্টদের মতে, এই আধুনিক উপকরণগুলো ব্যবহারের মাধ্যমে চাষীরা আরও স্বাস্থ্যসম্মত ও উন্নত মানের গুড় তৈরি করতে সক্ষম হবেন।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, সিপিপির সহকারী পরিচালক মো. আছাদ উজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী এবং পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক।
এর আগে সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম ব্যাচের ৬০ জন চাষীকে নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বরিশাল বিএসআরআই-এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রতন কুমার গণপতিসহ ছয়জন বিশেষজ্ঞ কর্মকর্তা।
১৩৯ বার পড়া হয়েছে