পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করেন জেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী পৌরসভার সুরাইয়া ভিলার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।
সভায় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তারা দলের গৌরবময় ইতিহাস এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
১০৭ বার পড়া হয়েছে