ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে রাজশাহীতে দুই যুবক গ্রেপ্তার
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে নগরের বোয়ালিয়া থানার কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি হাসুয়া, ওয়্যারলেস সদৃশ একটি মোবাইল ফোনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুই যুবক হলেন রাজশাহী নগরের ছোটবনগ্রাম এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে এবং বর্তমানে নওদাপাড়া এলাকায় বসবাসরত এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. সিফাজ হোসেন (২৫)।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক একটার দিকে কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এস এম হাসান মুক্তাদির কিউটের কাছ থেকে লোহার বাটযুক্ত ৩১ ইঞ্চি লম্বা একটি হাসুয়া, ওয়্যারলেস সদৃশ একটি মোবাইল ফোন ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। অপর যুবক সিফাজ হোসেনের কাছ থেকে কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা একটি হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আরএমপির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থানের কথা স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, কিউটের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে তাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মনোগ্রাম ব্যবহারের তথ্য পাওয়া যায়। এ ছাড়া একটি মোবাইল নম্বর ‘হোয়াটসঅ্যাপ’ নামে সংরক্ষিত ছিল।
আরএমপির দাবি, ওয়্যারলেস সদৃশ ওই মোবাইল ফোন ব্যবহার করে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এস এম হাসান মুক্তাদির কিউটের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় দণ্ডবিধির ধারায় সাতটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। অন্যদিকে সিফাজ হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় দণ্ডবিধির ধারায় একটি এবং চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
সরকারি কর্মচারী না হয়েও সরকারি প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার এবং ওয়্যারলেস সদৃশ মোবাইল ফোনের মাধ্যমে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থানের অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে আরএমপি।
এ ধরনের প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।
১৪৮ বার পড়া হয়েছে