গোপালগঞ্জে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি ও বাজারজাতকরণের দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিকের স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ নকল বিড়ি ও কাঁচামাল ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শংকরপাশা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কাশিয়ানী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাতইল ইউনিয়নের শংকরপাশা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা লিজা।
অভিযান চলাকালে কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ‘সজীব’ ও ‘সোনালী’ বিড়ি এবং তা তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা। পরবর্তীতে জব্দকৃত নকল বিড়ি ও অন্যান্য উপকরণ স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি কর ও শুল্ক ফাঁকি দিয়ে ভুয়া ব্যান্ডরোল ব্যবহার করে বাজারে নকল বিড়ি বিক্রি করে আসছিল। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।
আইন অমান্য করে নকল বিড়ি তৈরি, বাজারজাতকরণ এবং প্যাকেটে ভুয়া ঠিকানা ব্যবহারের অপরাধে কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের ভেজাল ও রাজস্ব ফাঁকিবিরোধী অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
১১০ বার পড়া হয়েছে