নড়াইল গণঅধিকার পরিষদের মনিরুল সভাপতি, আবু দারদা সাধারণ সম্পাদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের সর্বসম্মত সমর্থনে মনিরুল মাওলাকে সভাপতি এবং আবু দারদাকে সাধারণ সম্পাদক করে আগামী দিনের জন্য একটি শক্তিশালী জেলা কমিটি ঘোষণা করা হয়।
নড়াইল শহরের শেখ রিজেন্সী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের অন্যতম সদস্য হাবিবুর রহমান রিজু। জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের ভবিষ্যৎ সাংগঠনিক রূপরেখা ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নড়াইল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলনস্থলে এসে সমাপ্ত হয়। এতে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট খালিদ হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল এবং পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন। বক্তারা তাদের বক্তব্যে নীতি, আদর্শ এবং যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলার তাগিদ দেন। তারা বলেন, নড়াইলের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে এই নতুন কমিটি।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সবার সম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য মনিরুল মাওলাকে সভাপতি, আবু দারদাকে সাধারণ সম্পাদক এবং টিপু সুলতানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন এই নেতৃত্ব তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
১১০ বার পড়া হয়েছে