নেপালে ভয়াবহ বন্যায় নিহত ১৬২, নিখোঁজ ৪০৩ পর্যটক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৪:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৪০৩ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১৪২ জন ভারতীয়সহ বিভিন্ন দেশের ৩৪১ জন বিদেশি পর্যটক রয়েছেন।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির পুলিশ এখন পর্যন্ত ১৬২ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ৪০৩ জন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১৪২ জন ভারতীয়। অন্য ১৯৯ জন বিভিন্ন দেশের নাগরিক। নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোটকোশী নদীর তীরবর্তী রসুয়া ও নুয়াকোট জেলার কয়েকটি জনবসতি। দুর্গম ও জনবিরল এসব এলাকায় বন্যার পানিতে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোটকোশী নদীর তীরবর্তী সড়কগুলো নেপাল ও চীনের মধ্যে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। বন্যার পানির তোড়ে এসব এলাকায় জলবিদ্যুৎ প্রকল্প, মহাসড়ক ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর বেশ কিছু অংশ ধসে পড়েছে।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত ও গভীরভাবে মর্মাহত।
বালেন্দ্র শাহ এই ঘটনাকে আকস্মিক ও ভয়াবহ দুর্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, উদ্ধার অভিযান শুরু করতে সরকার কোনো ধরনের বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব সম্পদ ও সক্ষমতা কাজে লাগিয়েছে।
নিখোঁজ পর্যটকদের উদ্ধারে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্গম অঞ্চল এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
১৪৯ বার পড়া হয়েছে