কুষ্টিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং রক্তদানে উৎসাহিত করতে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই পাঁচ কিলোমিটার দৌড়ের আয়োজন করে।
কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী ঈদগাহ মাঠ থেকে বুধবার সকালে এই প্রতিযোগিতা শুরু হয়। গ্রামীণ আঁকাবাঁকা পথ পেরিয়ে পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমবাড়িয়া নতুন বাজারে গিয়ে দৌড় শেষ হয়। 'আমবাড়ীয়া ব্লাড ডোনার্স সোসাইটি' নামের একটি স্থানীয় সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল চিত্তবিনোদন নয়, বরং যুবসমাজকে অবক্ষয় ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করাই এই আয়োজনের মূল লক্ষ্য। একই সাথে ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সাধারণ মানুষের মধ্যে রক্তদানের প্রয়োজনীয়তা ও সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রতিযোগিতায় প্রায় ২০ মিনিটে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথম স্থান অধিকার করেন কুষ্টিয়া জেলা ম্যারাথন দলের প্রতিভাবান সদস্য রোহান মন্ডল। এছাড়া মাত্র ১১ বছর বয়সী খুদে দৌড়বিদ তুহিন হোসেন সবার নজর কেড়ে পঞ্চম স্থান অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমবাড়ীয়া ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি হাফেজ মো. আব্দুল আলিম। অনুষ্ঠানে আমবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু সায়েম মোল্লা, গোসাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ এবং গোপকগ্রাম মডেল ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. সুমন হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যন্ত এলাকায় এমন মহতী ও সচেতনতামূলক ক্রীড়া উৎসবের ভূয়সী প্রশংসা করেন।
১০৮ বার পড়া হয়েছে