চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৫:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি বজায় রয়েছে।
বৃহস্পতিবার ভোরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ রামদাসপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে অবৈধভাবে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে রামদাসপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তের শূন্য লাইনে অবস্থানরত ওই ছয় ব্যক্তিকে শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধা প্রদান করেন।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুপ্রবেশের শিকার হওয়া ওই ছয়জনকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি অত্যন্ত সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে বলে ব্যাটালিয়ন অধিনায়ক নিশ্চিত করেছেন।
১৩৫ বার পড়া হয়েছে