ফরিদপুরে আকিকার মিষ্টি খেয়ে ৮ শিশু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সদর উপজেলায় একটি আকিকা অনুষ্ঠানের মিষ্টি খেয়ে আটটি শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার বিকেলে মিষ্টি খাওয়ার পর থেকেই তাদের তীব্র পেট ব্যথা ও বমি শুরু হয়। বর্তমানে অসুস্থ শিশুদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের বাখু ডাংগা গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি বাড়িতে আকিকার অনুষ্ঠান উপলক্ষে খলিল মন্ডল হাটের 'মোল্লা হোটেল এন্ড মিষ্ঠান্ন ভাণ্ডার' থেকে মিষ্টি কেনা হয়েছিল। সেই মিষ্টি খাওয়ার পরপরই শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে।
অসুস্থ হয়ে পড়া শিশুদের মধ্যে তাসফিয়া, তাওহিদ ও সুমাইয়াসহ আটজনকে রাতে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, মিষ্টিতে কোনো বিষাক্ত উপাদান বা ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হয়ে থাকতে পারে। বর্তমানে তারা সবাই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
এদিকে মিষ্টির দোকানমালিক জিয়ারত মোল্লা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, মিষ্টির মান নিয়ে কোনো সমস্যা ছিল না; শিশুরা অন্য কোনো কারণেও অসুস্থ হতে পারে। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৩১ বার পড়া হয়েছে