দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের কোনো সংকট নেই এবং কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরকারের হাতে মজুত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ার শিবগঞ্জে এক অনুষ্ঠানে প্রধানধিপতি হিসেবে উপস্থিত থেকে তিনি কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার, ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন চারা বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সার বিতরণ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ডিলারদের মধ্যে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সম্প্রতি একটি সরকারি পরিপত্র জারি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মীর শাহে আলম জানান, বর্তমানে দায়িত্ব পালনকারী ডিলাররাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার উত্তোলন ও বিক্রির কাজ চালিয়ে যাবেন। কোনো ডিলারের দায়িত্ব বাতিল করা হচ্ছে না। এছাড়া সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে মন্ত্রিসভা কমিটির পক্ষ থেকে একটি বিশেষ তদারকি কমিটি গঠন করা হয়েছে।
আলু ও রবি শস্যের মৌসুমকে সামনে রেখে কিছু এলাকায় কৃষকদের মধ্যে আগাম সার কেনার প্রবণতা দেখা যাচ্ছে। এ বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৩৩টি প্রধান গুদাম এবং ৩৩টি বাফার গুদামে চাহিদার তুলনায় অনেক বেশি সার মজুত রয়েছে। তাই আগাম সার কিনে বাজারে কৃত্রিম সংকট বা আতঙ্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই।
তিনি আরও যোগ করেন, কিছু ডিলার সময়মতো সার উত্তোলন না করায় এবং বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে সাময়িক অসুবিধা তৈরি হয়েছিল। তবে নিয়ম অমান্যকারী ডিলারদের বিরুদ্ধে ইতোমধ্যে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকেরা যেন যথাসময়ে ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে।
অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।
১০৭ বার পড়া হয়েছে