চাঁপাইনবাবগঞ্জে বিপুল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ১ হাজার ১২৫ বোতল অবৈধ এস্কাফ সিরাপসহ মো. সামি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বহনের দায়ে এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করে ডিবি পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার শেষ রাতে সদর মডেল থানাধীন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘর এলাকায় ওত পেতে থাকে ডিবি পুলিশের একটি চৌকস দল। রাত আনুমানিক পৌনে ৪টার দিকে একটি সিলভার রঙের সন্দেহভাজন টয়োটা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ কোডিন ফসফেট মিশ্রিত অবৈধ মাদক এস্কাফ সিরাপ।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এই অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল হাসান। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত যুবক মো. সামি (২১) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। মাদক বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ১৭-৮৯২৫ নম্বরের প্রাইভেটকারটি জব্দ তালিকায় তোলা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে মাদক ও চোরাচলানমুক্ত করতে জেলা পুলিশের এই বিশেষ জিরো টলারেন্স অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষকে এগিয়ে আসার এবং গোপন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
১০৭ বার পড়া হয়েছে