চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযান: ৮০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ২
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৬:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে রেহাইচর এলাকার মহানন্দা ব্রিজের টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘরের সামনে পাকা সড়কে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন চলাফেরা লক্ষ্য করে দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। পরবর্তীতে তাদের হেফাজত থেকে বিশেষ কায়দায় রাখা তরল মাদক উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামের মো. সুলতানের ছেলে মো. দুলাল (২৮) এবং একই উপজেলার সাহাপাড়া বটতলা মোড় এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. সারোয়ার জাহান ওরফে শুভ (২৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে বিক্রির কথা স্বীকার করেছে।
অভিযানটি পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকমুক্ত করতে এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও চলমান থাকবে। একই সঙ্গে মাদক নির্মূলে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে এবং তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে বলে নিশ্চিত করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে