রাজবাড়ীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ফুট কার্ট ও কাভার্ড ভ্যান দিল কৃষি অধিদপ্তর
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীতে ক্ষুদ্র পরিসরে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কার্যক্রমকে উৎসাহিত করতে দুই উদ্যোক্তার মাঝে আধুনিক ফুট কার্ট এবং ডেলিভারি কাভার্ড ভ্যান বিতরণ করা হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের এসএসিপি (RAINS) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে স্থানীয় প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সরাসরি ও নিরাপদে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার নতুন দুয়ার উন্মোচিত হলো।
রাজবাড়ী সদর উপজেলার দুই সফল উদ্যোক্তা শিউলী খান ও মকদুম শাহ-এর হাতে সম্প্রতি এই আধুনিক যানবাহনগুলোর চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। জেলা বিপণন কর্মকর্তাদের মতে, উৎপাদিত প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী নিরাপদে পরিবহন এবং সরাসরি ভোক্তাদের দোরগোড়ায় বাজারজাতকরণের উদ্দেশ্যেই এই বিশেষ সুবিধা দেওয়া হলো।
এ বিষয়ে রাজবাড়ী জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ বলেন, আমরা চাই স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা শুধু পণ্য উৎপাদনেই সীমাবদ্ধ না থেকে প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও সরাসরি বাজারজাতকরণের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করুন। এটি তাঁদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় কৃষিপণ্যের সার্বিক বাজার উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
তিনি আরও যোগ করেন, এটি মূলত ক্ষুদ্র পরিসরে একটি পরীক্ষামূলক মডেল উদ্যোগ। প্রথম ধাপে এই কার্যক্রমে কাঙ্ক্ষিত সফলতা এলে ভবিষ্যতে জেলার আরও বহু যোগ্য ও পরিশ্রমী উদ্যোক্তাকে এই আধুনিক পরিবহন সেবার আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১২১ বার পড়া হয়েছে