বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জমকালো উদ্বোধন, বড় ঘোষণা প্রতিমন্ত্রীর
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার বিকেলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অভিনথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার ক্রীড়া ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে খেলাধুলাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বর মাসেই দেশজুড়ে বড় ধরনের স্কুল ও কলেজ পর্যায়ের টুর্নামেন্ট চালু হবে।
ক্রীড়া অবকাঠামো উন্নয়নে একাধিক বড় প্রকল্পের ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বগুড়ার ১৩টি উপজেলায় নতুন করে ১৩টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়াও, তিনমাথা রেলস্টেশনের কাছে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে ৬০ বিঘা জমিতে ‘আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলা হবে। একই সাথে ১১৫টি ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করার কথাও জানান তিনি।
বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, কাজী রফিকুল ইসলাম, সুরাইয়া জেরিন রনি এবং বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
উদ্বোধনী দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল সারিয়াকান্দি ও দুপচাঁচিয়া উপজেলা দল। নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে জয় পায় দুপচাঁচিয়া উপজেলা দল। জেলা প্রশাসনের এই আয়োজনে মোট ১৪টি দল অংশ নিচ্ছে, যা ঘিরে পুরো বগুড়া জুড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
১৩২ বার পড়া হয়েছে