নওগাঁয় বিয়ের কথা বলে ডেকে গৃহবধূ হত্যা, গ্রেফতার ২
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর ধামইরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে মেরিনা বেগম নামের এক গৃহবধূকে আমবাগানে নিয়ে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরবর্তীতে লাশ গোপন করতে পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেয় ঘাতকেরা। লোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মেরিনা বেগমের স্বামী ও সন্তান জীবিকার তাগিদে কুমিলস্নায় অবস্থান করায় ধামইরহাটের স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মেরিনা তাকে বিয়ের জন্য চাপ দিলে বাবুল ১৬ তারিখে বিয়ের প্রতিশ্রুতি দেয়। নতুন জীবনের স্বপ্ন নিয়ে মেরিনা জামা-জুতো ও কসমেটিকস নিয়ে বাড়ি থেকে বের হলেও তা যে তাঁর জীবনের শেষ যাত্রা ছিল, তা বুঝতে পারেননি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ১৮ আগস্ট ধামইরহাটের একটি নির্জন আমবাগান থেকে এক নারীর দগ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র ও প্রসাধন সামগ্রী দেখে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে জেলা পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনার তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাবেক মেম্বার বাবুল হোসেন ও তারেক রহমান হত্যাকাণ্ডের রোমহর্ষক বিবরণ দিয়েছে। তারা জানায়, পরিকল্পনা অনুযায়ী ১৬ তারিখ রাতে মেরিনাকে জোরপূর্বক আমবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে বেল্ট দিয়ে শ্বাসরোধে তাঁর মৃত্যু নিশ্চিত করার পর, পরিচয় গোপন করার উদ্দেশ্যে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
১৬৪ বার পড়া হয়েছে