সর্বশেষ

আন্তর্জাতিক

কিমের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি কিমের সঙ্গে ‘ভালো সম্পর্ক’ বজায় রাখার গুরুত্বের কথাও উল্লেখ করেছেন। সম্ভাব্য এই বৈঠক ঘিরে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক নীতি ও উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প জানান, ২০২৬ সালের শেষ দিকে কিম জং উনের সঙ্গে তার বৈঠক হতে পারে। তবে বৈঠকের তারিখ, স্থান বা আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বরে চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যাওয়ার সময় কিমের সঙ্গে বৈঠকের কথা বিবেচনা করছেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

কিমের সঙ্গে সম্ভাব্য বৈঠকের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কমানোর সিদ্ধান্তও আলোচনায় এসেছে। ট্রাম্প সম্প্রতি জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে কিছু ‘বৈরী’ সামরিক মহড়া কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি। কিমের সঙ্গে তার সম্পর্কের প্রসঙ্গ টেনে এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এসব সামরিক মহড়া কিম জং উনের কাছে অত্যন্ত অপমানজনক। একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা সাম্প্রতিক সময়ে ‘খুব ভালো আচরণ করেছেন’ বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়াও এবার নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগে শেষ হওয়ার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অনুরোধেই মহড়ার সময় কমানো হচ্ছে। তবে পেন্টাগনের দাবি, সময় কমলেও সামরিক প্রশিক্ষণের মূল লক্ষ্য পূরণে কোনো ঘাটতি হবে না।

উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে প্রতিবছর এই যৌথ সামরিক মহড়া আয়োজন করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে এসব মহড়ার বিরোধিতা করে আসছে। উত্তর কোরিয়ার দৃষ্টিতে, এগুলো তাদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি।

এদিকে ট্রাম্পের সঙ্গে কিমের সম্ভাব্য যোগাযোগের খবর নিয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বুধবার বলেন, দুই নেতার মধ্যে সাম্প্রতিক যোগাযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না। ওয়াশিংটন থেকে এ ধরনের যোগাযোগের যে খবর এসেছে, সে বিষয়ে তিনি ‘সম্পূর্ণ অজ্ঞাত’ বলেও জানান।

তবে একই বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, ট্রাম্পের বিষয়ে তার ভাইয়ের ভালো স্মৃতি ও অনুভূতি রয়েছে এবং দুই নেতার সম্পর্ক এখনো চমৎকার।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া কমানোর সিদ্ধান্ত অবশ্য উত্তর কোরিয়ার কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে না বলে জানিয়েছেন কিম ইয়ো জং। এ বিষয়ে মন্তব্য করার কোনো আগ্রহ তাদের নেই এবং বিষয়টি নিয়ে তারা ‘সম্পূর্ণ অনাগ্রহী’ বলেও জানান তিনি।

ট্রাম্পের প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিনবার বৈঠক হয়েছিল। ২০১৯ সালে দুই নেতার সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ট্রাম্প কিমকে ‘রকেট ম্যান’ বলে কটাক্ষ করার পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর সামরিক হুমকি দিয়েছিলেন। পরে দুই নেতার মধ্যে সরাসরি আলোচনা শুরু হয় এবং চিঠি বিনিময়ের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল বলে ট্রাম্প দাবি করেন।

তবে ওই বৈঠকগুলোর পরও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে উল্লেখযোগ্য কোনো বাস্তব অগ্রগতি হয়নি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত কিমের সঙ্গে তার কোনো বৈঠকও হয়নি।

বিশ্লেষকদের মতে, কিমের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর সিদ্ধান্ত এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। একই সঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক অগ্রগতি ট্রাম্পের জন্য একটি সম্ভাব্য বৈদেশিক নীতিগত সাফল্য হিসেবেও বিবেচিত হতে পারে।

দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকেই দেশটির নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওই যুদ্ধ পূর্ণাঙ্গ শান্তিচুক্তির মাধ্যমে শেষ হয়নি; যুদ্ধবিরতির মধ্য দিয়েই এর সমাপ্তি ঘটে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন